করোনা ভাইরাসের কারণে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিতে ব্রিটেনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল সকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই অনুরোধ জানান আবদুল মোমেন। গতকাল লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বাংলাদেশে বর্তমানে করোনার টিকা দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে এবং করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমে ৯ দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। তিনি বলেন, ভ্রমণ বিধিনিষেধের কারণে ৭ হাজার ব্রিটিশ বাংলাদেশি আটকা পড়েছেন। তাই যুক্তরাজ্যের লাল তালিকার বিষয়টি পুনরায় বিবেচনা করা উচিত বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব আশ্বস্ত করে বলেন, লাল তালিকা নিয়ে চাপের বিষয়ে সরকার ওয়াকিবহাল এবং বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাসের বিষয়েও ব্রিটিশ সরকার অবগত আছে। তবে এ ধরনের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিত পর্যালোচনা করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে বাংলাদেশের বিষয়টি পুনর্বিবেচনা করবে যুক্তরাজ্য।
