পরীমনির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা

নাসির ও অমির বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৩০

ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী পরীমনির মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিটভুক্ত অন্য আসামি হলেন শাহ শহিদুল ইসলাম। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

গতকাল সোমবার কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন। গত ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন। তার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে তারা জামিনে মুক্ত।