পাবনায় গণপূর্তের প্রকৌশলীকে মারধর করলেন ঠিকাদার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:৩০

পাবনায় গণপূর্ত বিভাগের এক প্রকৌশলীকে মারধর করেছেন এক প্রভাবশালী ঠিকাদার। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কক্ষে। পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার শিকার উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আব্দুস সাত্তার বলেন, পাবনা শহরের পৌর এলাকার চক ছাতিয়ানী মহল্লার প্রভাবশালী ঠিকাদার মেসার্স নুর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মোকছেদুল আলম নয়ন গণপূর্ত বিভাগের বেশকিছু কাজ ঝুলিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে। তাকে বারবার তাগাদা দিলেও সে আমলে নেননি। গতকাল এ বিষয় নিয়ে নির্বাহী প্রকৌশলীর কক্ষে জরুরি বৈঠক হচ্ছিল। এ সময় তাকে কাজগুলো শেষ করার জন্য বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অশালীন ভাষা প্রয়োগের পাশাপাশি তাকে মারধর করেন। টের পেয়ে অন্য সহকর্মীরা ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এ সময় ঠিকাদার নয়ন ও তার লোকজন অফিস থেকে বের হয়ে যান। এ ঘটনার বিচার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ পেয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। সংশ্লিষ্ট বিষয়ে নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন বলেন, ঠিকাদারের সঙ্গে সামান্য বিষয় নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা বলেন, এর আগেও ঠিকাদাররা অস্ত্রের মহড়া দিয়ে শাসিয়েছে। ঠিকাদাররা কাজ নেবেন। কাজ না করলে বললেই যদি অপরাধ হয় তাহলে বলার কিছুই থাকে না। এগুলো বন্ধ হওয়া জরুরি বলে দাবি করেন তিনি।

ঠিকাদার মোকছেদুল আলম নয়নের সঙ্গে ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আব্দুস সাত্তার নামে গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে ।

প্রসঙ্গত, গত ৬ জুন ঠিকাদারি কাজের অজুহাতে আওয়ামী লীগ নেতা এ আর  মামুন ও যুবলীগ নেতা শেখ লালু তাদের লোকজন  নিয়ে অস্ত্রের মহড়া দেয়। ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। তিন মাসের মাথায় আবারও এ ধরনের ঘটনা ঘটল।