ভারত সফররত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত দুই দিনে দেশটির সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড, ওয়ারগেমিং ডেভেলপমেন্ট সেন্টার, ডিফেন্স ইমেজ প্রসেসিং অ্যান্ড এনালাইসিস সেন্টার এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করেন। এছাড়াও তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা লে. জেনারেল (অব.) ভিনোদ জি খাণ্ডারের সঙ্গে সাক্ষাত্ করেন।
গত রবিবার সেনাপ্রধান ভারতীয় সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড পরিদর্শন করেন। সেখানে উক্ত ব্রিগেডের সক্ষমতা, কার্যক্রম এবং প্রশিক্ষণ সম্পর্কে সেনাপ্রধানকে ধারণা দেওয়া হয়। উল্লেখ্য, এই ব্রিগেডটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে সর্বপ্রথম টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করে।
গতকাল সোমবার সকালে ভারতের ওয়ারগেমিং ডেভেলপমেন্ট সেন্টার এবং ডিফেন্স ইমেজ প্রসেসিং অ্যান্ড এনালাইসিস সেন্টার পরিদর্শন করেন সেনাপ্রধান। সেখানে তিনি এই প্রতিষ্ঠান দুটির কার্যক্রম ও কারিগরি বিষয়াদি সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যত্ সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করেন। —আইএসপিআর
