অশ্বথামা বন্ধে হতাশ সারা!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২০

 বিনোদন ডেস্ক

 

বেশ কিছুদিন ধরেই বিগ বাজেটের সিনেমা ‘অশ্বথামা’ নিয়ে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। তবে কবে সাই-ফাই ঘরানার এই সিনেমাটির শুটিং শুরু হবে এ নিয়ে ছিল ধোঁয়াসা। ক’দিন আগেই প্রযোজক রনি স্ক্রওয়ালা জানিয়েছিলেন করোনার কারণে সিনেমাটির শুটিং আরো কিছুদিন পর শুরু করতে চান। সারাও সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। ফলে সিনেমাটির পাত্র-পাত্রী থেকে শুরু করে বলিপ্রেমীদের অপেক্ষার পালা বেড়ে যায়। তবে এবার সেই অপেক্ষা মন খারাপের খবরে রূপ নিচ্ছে। কারণ আপাতত সিনেমাটির কাজ হচ্ছে না বলে নিশ্চিত করেছেন প্রযোজক। বলা চলে অশ্বথামা অধ্যায় শুরুর আগেই শেষ হয়ে গেল! জানা গেছে, সিনেমাটিতে ভিএফএক্স-এর ব্যবহার থাকা এবং গল্পটি নিখুঁতভাবে তুলে ধরতে নির্মাতা আদিত্য ধর ২শ’ কোটি টাকা বাজেট চেয়েছিলেন। কিন্তু প্রযোজক ১শ’ ২০ কোটির বেশি সিনেমাটিতে খরচ করতে অনিহা প্রকাশ করেছেন। কারণ বর্তমান পরিস্থিতিতে শুধু ওটিটি মাধ্যমে সিনেমা মুক্তি দিয়ে এত বড় লগ্নি তুলে আনা সম্ভব হবে না বলে মনে করছেন প্রযোজক। প্রযোজক-পরিচালক দ্বৈরথে চলায় অনেকটাই হতাশ সারা আলী। তিনি বলেন, ‘সিনেমাটি শুরুর অপেক্ষায় ছিলাম। কিন্তু হটাত্ এমন খবর রীতিমতো হতাশ করেছে। তবে আমার বিশ্বাস তারা শিগগিরই একমত হতে পারবেন এবং সিনেমাটি আলোর মুখ দেখবে।’