আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
বর্ষার শুরু থেকেই আনোয়ারায় ছাতার কারিগরদের ব্যস্ততা বেড়েছে। উপজেলার প্রায় সব হাটবাজারে দেখা যায় ছাতা মেরামত কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। উপজেলার মালঘর বাজারে ৮২ বছর বয়সি কমলা কান্ত নাথ নামে এক ছাতার কারিগর বলেন, প্রায় ৬৫ বছর যাবত্ এই পেশার সঙ্গে আছি। অন্যান্য সময় তেমন কাজ না থাকলেও বর্ষা মৌসুমে দম ফেলার সময় থাকে না। আরেক কারিগর রঞ্জিত নাথ (৬৯) বলেন, বর্ষাকালীন এই তিন-চার মাস প্রায় প্রতিদিনই ডজন খানেক ছাতা মেরামত করি। এতে ৫০০-৭০০ টাকা আয় হয়। ভ্রাম্যমাণ ছাতার কারিগর মো. ফিরোজ জানান, দৈনিক ৭০০ থেকে ১ হাজার টাকা আয় হচ্ছে।
