ইত্তেফাক ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ায় দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হলো ভ্যানচালক উজ্জল মিয়া (২৪)। কুমিল্লা-সিলেট মহাসড়কের পিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজ্জল আশুগঞ্জের তারুয়া গ্রামের হাছান মিয়ার ছেলে। সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাস ও চালক কবির মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর :জামালপুরের মাদারগঞ্জে ভোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার ভেলামারী এলাকায় মাদারগঞ্জ-জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাদারগঞ্জ মডেল থানার এসআই মোখলেছ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।
