বরিশাল অফিস
করোনাকালে শিক্ষকদের আর্থিক প্রণোদনা প্রদানসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা। নগরীর ফকিরবাড়ী রোডে শিক্ষক সমিতি ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ লিখিত বক্তব্যে বলেন, করোনাকালেও শিক্ষাবোর্ড বিভিন্ন ফি আদায় করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনো আয় ছিল না। গত দেড় বছরে কোনো জায়গা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কোনো সহায়তাও পায়নি। এ অবস্থায় দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবর সুখকর হলেও প্রতিষ্ঠানগুলো ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অর্থ জোগানও কঠিন হয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের জন্য করোনা সুরক্ষা ব্যয় নিয়েও তারা চিন্তিত।
