চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশে চাকরির নামে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ওসমানপুর ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উজ্জ্বল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও আবদুল লতিফ। এদের মধ্যে উজ্জ্বল হোসেন নিজেকে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পরিচয় দেয় বলে অভিযোগ রয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মহিদুল নামের এক ব্যক্তির মৌখিক অভিযোগের ভিত্তিতে ঐ তিন জনকে আটক করা হয়েছে। পরে মহিদুল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
