রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
রাজিবপুরে ব্রহ্মপুত্রে মঙ্গলবার সকালে জেলের বড়শিতে ১৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি রাজিবপুর বাজারে ১৬ হাজার টাকায় বিক্রি করা হয়। উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের মাঠের ঘাট এলাকায় ব্রহ্মপুত্রে স্থানীয় জেলে মাইদুলের বড়শিতে মাছটি ধরা পড়ে।
মাইদুল বলেন, খুব ভোরে ব্রহ্মপুত্র নদের মোহনগঞ্জ মাঠের ঘাটের কাছে বড়শি ফেলে বসে থাকি। পরে তুলতে গেলে বড়শির সঙ্গে একটি বড় মাছ উঠে আসে। মাছটি বিক্রির জন্য রাজিবপুর বাজারে উন্মুক্ত দরে ৮৫০ টাকা কেজি হিসেবে স্থানীয় ব্যবসায়ীরা মাছটি কিনে নেন।
রাজিবপুর উপজেলা মত্স্য অফিসের সহকারী কর্মকর্তা হাবিবুর বলেন, বড় বাঘাইড় মাছ সাধারণত পাওয়া যায় না। তবে ব্রহ্মপুত্রে মাঝেমধ্যে বড় বড় মাছ ধরা পড়ছে। এট আমাদের জন্য খুশির খবর।
