অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ১
ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে গতকাল মঙ্গলবার ভোরে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তার নাম সুনীল বিশ্বাস (২৪)। সে ভারতের নদীয়া জেলার কল্যাণী থানার সাউথ চাঁদমারি গ্রামের সূর্য বিশ্বাসের ছেলে। বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, যাদবপুর বিওপির একটি টহল দল গোপন সূত্রে খবর পেয়ে গোপালপুর গ্রামের একটি মেহগনির বাগান থেকে তাকে আটক করে।
নাটোরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নাটোর প্রতিনিধি নাটোরে মঙ্গলবার দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সদর উপজেলার দত্তপাড়া বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মেহেরিমা স্টোরকে ৮ হাজার ও করোটা বাজার এলাকার সুরুচি ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে নিষিদ্ধ দ্রব্য মিশিয়ে খাবার তৈরির অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলার সহকারী পরিচালক শামসুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
সামাজিক সমস্যা নিরসনে মতবিনিময়
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচিতে মঙ্গলবার সমাজিক সমস্যা নিরসনে ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের বেলকুচি উপজেলা শাখার সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।
সাঁথিয়ায় পলাতক আসামি গ্রেফতার
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা সাঁথিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে অর্ধডজন মামলার পলাতক আসামি ইসরাফিল হোসেনকে গ্রেফতার করেছে। সে উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আ. মুন্নাফ মেম্বারের ছেলে। পুলিশ তাকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আশিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ইসরাফিলকে গ্রেফতার করা হয়েছে। তার নামে হত্যা, ডাকাতি চেষ্টা, মারামারিসহ অর্ধডজন মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা নদীভাঙনকবলিত সদরপুরের চরনাছিরপুর ও চর মানাইড় ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মধ্যে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদ প্রমুখ।
বন্য প্রাণী ও পাখি রক্ষায় জনসচেতনতা সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে মঙ্গলবার বন্য প্রাণী ও পরিযায়ী পাখি রক্ষায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর প্রেসক্লাবে ঢাকা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান এতে সভাপতিত্ব করেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময়
পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা পার্বতীপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মো. হাছান আলী এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
০
