ইত্তেফাক রিপোর্ট
বিনা কারণেই শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের শেয়ারদর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ারদর এভাবে বাড়ছে। উল্লেখ্য, গত ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬১ দশমিক ৩০ টাকায়। আর ৬ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৭৮ দশমিক ৬০ টাকায়। অর্থাত্ এই ৪ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ১৭ দশমিক ৩০ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।
