ঘটনাস্থল ভারতের মধ্যপ্রদেশ
বিবিসি
বৃষ্টি ডেকে আনার লক্ষ্যে করা আচার অনুষ্ঠানের অংশ হিসেবে ভারতের মধ্যাঞ্চলের একটি গ্রামে ছয় মেয়ে শিশুকে বিবস্ত্র করে একটি শোভাযাত্রায় হাঁটানো হয়েছে। মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডের খরাপীড়িত একটি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে বিবস্ত্র ঐ মেয়ে শিশুদেরকে একটি কাঠের ভেলা কাঁধে তুলে হাঁটতে দেখা গেছে; যে ভেলাতে বাঁধা ছিল একটি ব্যাঙ। এই আচার ‘বৃষ্টি দেবতা’কে তুষ্ট করবে এবং ফলে ঐ অঞ্চলে বৃষ্টিপাত হবে, বিশ্বাস স্থানীয়দের। এই ঘটনার পর ভারতের শিশু অধিকার রক্ষা বিষয়ক জাতীয় কমিশন দামো জেলা কর্তৃপক্ষের কাছে ঘটনাটির বিষয়ে প্রতিবেদন চেয়েছে। যে গ্রামে ঘটনাটি ঘটেছে, সেটি দামো জেলায় অবস্থিত। মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, তারা এ আচার অনুষ্ঠান নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি, তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। দামোর পুলিশ সুপার ডিআর তেনিওয়ার বলেছেন, ওই মেয়েদের জোর করে বিবস্ত্র করা হয়েছে, এমন কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে খালি গায়ের যে মেয়েদের দেখা গেছে, তাদের কারো কারো বয়স ৫ বছর বলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শোভাযাত্রায় এ মেয়েদের পেছনে ছিল নারীদের একটি দল, যারা দেবতাকে তুষ্ট করার গান গেয়ে যাচ্ছিলেন।
