স্পোর্টস রিপোর্টার
কন্ডিশন ব্যাটসম্যানদের চ্যালেঞ্জিং। প্রথম ম্যাচের তুলনায় উইকেটের কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু তারপরও ১৩০-১৪০ রানই বিশাল স্কোর। শুধু সফরকারী নিউজিল্যান্ড নয়, বাংলাদেশের ব্যাটসম্যানরাও হোম কন্ডিশনে সংগ্রাম করছেন। সিরিজের তৃতীয় ম্যাচে নিজেদের পাতা ফাঁদেই ঘায়েল হয়েছিল বাংলাদেশ। কিউই স্পিনারদের ঘূর্ণিতে নাকাল হয়ে মাত্র ৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা।
ব্যাটিংয়ের সেই ছবি ভুলে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে আজ তাই ব্যাটিংয়ে উন্নতি আনাই বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। একই সঙ্গে সিরিজ জয়ের হাতছানি তো থাকছেই। মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।
আগের ম্যাচের ব্যর্থতার পরও ব্যাটসম্যানদের ওপর আস্থা রাখছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। বাংলাদেশের ব্যাটিং কম্বিনেশন নিয়ে খুশি তিনি। তবে ব্যাটিংয়ের সময় আরো শান্ত থাকা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ দেখতে চান এ প্রোটিয়া কোচ।
গতকাল বিকালে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলনের পর ব্যাটিং বিভাগ নিয়ে প্রিন্স বলেছেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, দলের মধ্যে ব্যাটসম্যানদের ভালো কম্বিনেশন আছে। এখানে স্ট্রাইট রোটে ও বাউন্ডারি মারতে পারে এমন ব্যাটসম্যান আছে। তারপর শেষের দিকে প্রয়োজনে ৯-১০ রান করে তুলতে পারেন এমন ব্যাটসম্যানও আছে। তাই আমার মনে হয় উভয় ধরনের খেলোয়াড়ের ভালো কম্বিনেশন আমাদের আছে।’ তিনি আরো বলেন, ‘নির্দিষ্ট দিনে প্রতিটি উইকেটই ভিন্ন। উইকেট পড়তে পারা, উইকেট অনুযায়ী নিজের খেলাটা মানিয়ে নেওয়াই হলো গুরুত্বপূর্ণ।’
বাউন্ডারি মারার চেয়ে ব্যাটসম্যানদের উইকেটে থাকা এবং সিঙ্গেলসের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রিন্স। মিরপুরের উইকেটে রান তাড়া করার মন্ত্র জানিয়ে গতকাল তিনি বলেছেন, ‘স্পষ্টতই এটা দ্রুত রান করার উইকেট নয়। এখানে অনেক বাউন্ডারি হবে না। তাই স্ট্রাইক রোটেট করার ক্ষমতা, সিঙ্গেল নেওয়া, ভালো শুরু ব্যাটিং লাইনে ছন্দ এনে দিবে। রান রেট রাখতে হবে ৬ এর মধ্যে। নিশ্চিত করতে হবে আস্কিং রান রেট যেন বেশি ওপরে চলে না যায়।’ পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই নিশ্চিত হবে টানা তৃতীয় টি-২০ সিরিজ জয়। টাইগাররা মুখিয়ে আছে লক্ষ্য পূরণে। তবে কন্ডিশনে মানিয়ে নেওয়া নিউজিল্যান্ড কাজটা কঠিন করে তুলবে এটুকু নিশ্চিত। জয়ের ধারায় ফিরতে হলে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে মাহমুদউল্লাহ-সাকিবদের।
