পুঠিয়ায় শিশুর সামনে মায়ের গায়ে আগুন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শিশুর সামনে মায়ের গায়ে আগুন দেওয়ার ঘটনায় এক যুবককে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই যুবকের নাম নাইম। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর নাইম ওই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন।

পিবিআই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ঢাকার ধামরাই এলাকায় নিজ বাসা থেকে নাইমকে তারা গ্রেপ্তার করেছেন। নাইম স্থানীয় একটি কলেজে সম্মান চতুর্থবর্ষের শিক্ষার্থী। নাইম পুলিশকে বলেছেন, ফেসবুকে ওই নারীর সঙ্গে সম্পর্কের জের ধরেই তিনি এই হামলা করেছেন। ২৯ জানুয়ারি সকালে চার বছর বয়সী মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ওই মা। ওই সময় কেউ একজন বোরকা পরে এসে মায়ের ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান। দগ্ধ মাকে ওইদিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।