কিউই কোচের হুংকার
স্পোর্টস রিপোর্টার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ এ টি-২০ সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই নিউজিল্যান্ড সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। টানা দুই জয়ে সিরিজের শুরুটাও ছিল দুর্দান্ত। কিন্তু তৃতীয় ম্যাচেই বাজেভাবে হেরেছে টাইগাররা। গত ৫ আগস্ট ৫২ রানে হারের ম্যাচে বাংলাদেশ মাত্র ৭৬ রানে অলআউট হয়ে গেছে সফরকারীদের বোলিং তোপে। সিরিজে ঘুরে দাঁড়াতে এখন মরিয়া মাহমুদউল্লাহ রিয়াদের দল।
সেটি অজানা নয় নিউজিল্যান্ড দলেরও। আহত বাঘের আক্রমণ সামলাতে প্রস্তুত হচ্ছে কিউইরা। এমনকি দলটির কোচ গ্লেন পকন্যাল বলেছেন, বাংলাদেশের আগুনের জবাবটা আগুন দিয়েই দিবেন। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার শীষ্যরা। সিরিজে সমতা ফেরানোই ব্ল্যাক ক্যাপসদের মূল টার্গেট। আজ সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।
একদিন বিশ্রামের পর গতকাল সকাল থেকে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। অনুশীলনের ফাঁকে বাংলাদেশ দল সম্পর্কে কথা বলতে গিয়ে রীতিমতো হুঙ্কারই দিয়েছেন নিউজিল্যান্ডের হেড কোচ।
গতকাল পকন্যাল বলেছেন, ‘দেশের মাঠে শুধু আমাদের বিপক্ষে নয়, সব দলের বিপক্ষেই তাদের (বাংলাদেশ) রেকর্ড দুর্দান্ত। তাই এভাবে হারাটা তাদেরকে আঘাত করার কথা। তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। আমরা অবশ্যই তাদের পালটা আক্রমণের জন্য প্রস্তুত। আমরা আগুনের জবাবে আগুন দিয়েই লড়ব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’ তিন ম্যাচ শেষে সিরিজে ২-১ এ পিছিয়ে আছে নিউজিল্যান্ড। আজ সমতা ফেরানোর টার্গেটেই খেলতে নামবে দলটি। আর তেমন কিছু হলে পঞ্চম ম্যাচটা ফাইনালে রূপ নিবে। কিউইদের কোচ গতকাল বলেছেন, ‘এটা দারুণ ব্যাপার যে, আমাদের অনেক কিছুই পাওয়ার আছে। আমাদের সামনে একটা সুযোগ তৈরি হয়েছে, আগামীকাল (আজ) আমাদেরকে সর্বোচ্চটা খেলতে হবে এবং ২-২ করে ফেলতে পারি আমরা। তারপর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
করোনা মুক্ত হয়ে সিরিজের তৃতীয় ম্যাচেই খেলেছেন ফিন অ্যালেন। অবশ্য তার বদলি হিসেবে উড়ে আসা পেসার ম্যাট হেনরির কোয়ারেন্টাইনও শেষ হয়েছে। তাই আজ থেকে ম্যাচ খেলার জন্য প্রস্তুত হেনরিও।
