চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগরীর সিআরবির সবুজ প্রকৃতি রক্ষায় গত সোমবার রাতে নগরীতে মশাল মিছিল করেছে নগরীর বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। এই মশাল মিছিলের আয়োজন করে এই আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন নাগরিক সমাজ চট্টগ্রাম। নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন মশাল মিছিলে নেতৃত্ব দেন। ড. অনুপম সেন বলেন, সিআরবিকে চট্টগ্রামবাসীর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে এখানে বাণিজ্যিক স্থাপনা করতে দেওয়া হবে না। যারা এ আন্দোলনের বিরোধিতা করছেন, তারা গুটিকয়েক সুবিধাভোগী, যারা এ মাটি ও মানুষের নয়, শুধু নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকেন। প্রয়োজনে জীবন দেব, তবু সিআরবি আপনাদের হাতে তুলে দেব না।
মশাল মিছিল উপলক্ষ্যে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান, রাজনীতিক মিঠুল দাশগুপ্ত, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সংস্কৃতিকর্মী স্বপন মজুমদার, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, প্রফেসর হোসাইন কবির, সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, সাবেক ছাত্রনেতা শিবু দাশ গুপ্ত, নূরুল আজিম রণি প্রমুখ।
