বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিরামপুর সাংবাদিক শাহীনুর আলম (৪০) গতকাল মারা গেছেন। তিনি বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি ছিলেন। পৌর এলাকার সারাঙ্গপুর গ্রামের বাসিন্দা আলম গত ২৮ আগস্ট মোটরসাইকেল চালিয়ে দিনাজপুর যাওয়ার পথে আহত হন। তাকে প্রথমে বিরামপুর হাসপাতালে ও পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি হওয়ায় গত রবিবার তাকে রংপুর নেওয়ার পথে আবারও অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। শাহীনুর আলমের স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তার মৃত্যুতে সংসদ সদস্য শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলী প্রমুখ শোক প্রকাশ করেছেন।
