দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি এবং চিকিত্সার জন্য বিদেশে যেতে অনুমতিদানের আবেদনের ওপর মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সেই মতামত গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছিল, আমরা মতামত দিয়ে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মতামতে কি বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর কাছে যাবে, তারপর চূড়ান্ত হবে। এর আগে তো আমি কিছু বলতে পারব না।
গত সপ্তাহে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর এ আবেদন করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আবেদনে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে সেটি মঙ্গলবারই আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এখন আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। আগের বারের মতো এবারের চিঠিতেও খালেদা জিয়াকে বিদেশে চিকিত্সার জন্য পাঠানোর কথা বলে তার মুক্তি চাওয়া হয়েছে। একই সঙ্গে মুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।
