জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করতে হবে—এমন কোনো নীতি নেই। MZKvj মঙ্গলবার ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, “আমি বারবার বলেছি, দুর্ব্যবহার দুর্নীতির শামিল। কোনোভাবেই এটা করা যাবে না। আপনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলুন। আমাদের জাতির পিতার নির্দেশনা কী ছিল? ‘যারা তোমাদের কাছে সেবা নিতে আসে, তার দিকে তাকাও। তারা তোমার ভাইয়ের মতো, বাবার মতো, তোমার আত্মীয়ের মতো।’ আর বঙ্গমাতা বলেছেন, ‘যারা সেবা নিতে আসেন, তারা জনগণ। জনগণের সেবক হও। জনগণের টাকায় তোমাদের বেতন হয়।’” প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনার আচরণ সরকারের আচরণ। সাধারণ মানুষ মনে করে, আপনার আচরণ, আপনার অফিস প্রধানমন্ত্রীর অফিসের একটি অংশ।’ ফরহাদ হোসেন বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৩২ মাসে প্রশাসনে ১ লাখ ৪০ হাজার ৮৬০টি পদ সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন দপ্তর-সংস্থা ও মন্ত্রণালয়ে ব্যাপকভাবে পদ সৃজন করেছি। পদ সৃজনের কাজটি জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে। ২০১৯ সালের জানুয়ারি থেকে গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত আমরা প্রশাসনে ১ লাখ ৪০ হাজার ৮৬০টি পদ সৃজন করেছি। নিয়োগের জন্য ৭ হাজার ৯৪৮টি পদের ছাড়পত্র দেওয়া হয়েছে।’
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।
