নিজ জিম্মায় থাকবেন সেই তরুণী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:২০

নিজ জিম্মায় থাকার সুযোগ পেলেন যশোরের প্রাপ্তবয়স্ক এক তরুণী। ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করে তাকে নিজ হেফাজতে থাকার আদেশ দিয়েছে হাইকোর্ট। তরুণীর আপিল মঞ্জুর করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেন। এর আগে তাকে সেফ হোমে রাখতে যশোরের মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিল।

আদালতে তরুণীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ। তিনি জানান, তরুণীর বাবা বিদেশে। মেয়েকে বিয়ে দিতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল তার মা। কিন্তু বিয়ে করতে রাজি হয়নি মেয়েটি। এক পর্যায়ে ঢাকায় পালিয়ে এসে জানুয়ারিতে একটি বুটিক হাউজে চাকরি নেন। বনানী থানায় একটি জিডি করেন। ২৩ মে তরুণীর মা যশোর আদালতে মানব পাচার প্রতিরোধ আইনে একটি মামলার আবেদন করেন। যেখানে বুটিক হাউজের মালিকসহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আদালতের আদেশে তরুণীটিকে যশোর আদালতে হাজির করা হয়। গত ২৪ জুন মায়ের জিম্মায় নেওয়ার আবেদন এবং নিজ জিম্মায় থাকতে তরুণীর করা আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে সেফ হোমে পাঠানোর আদেশ দেন। সেই থেকে বেকুটিয়া শেল্টার হোমে রয়েছেন তিনি। ঐ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তরুণী। গতকাল  তার আবেদন মঞ্জুর করে আদালত। এ আদেশের পর তরুণী এখন নিজ জিম্মায় থাকতে পারবেন বলে জানান আইনজীবী তাসমিয়াহ নুহিয়া আহমেদ।