সিদ্ধিরগঞ্জে ভেজাল পণ্য ও নকল পানীয় ফ্রুটি জুস উত্পাদন ও বাজারজাত করার অপরাধে বাদল নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পাইনাদি থেকে সোমবার সন্ধ্যায় ভেজাল পণ্যসামগ্রীসহ র্যাব-১১-এর একটি দল তাকে আটক করে। গতকাল সকালে আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর প্রধান কার্যালয়ের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য সংবাদকর্মীদের জানান।
তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিম পাইনাদির ধনুহাজী রোডসংলগ্ন মো. ইয়াসিন আরাফাতের ভাড়া করা অর্ধ পাকাঘরে স্থাপিত কারখানায় ভেজাল পণ্য সরবরাহকারীরা প্রচুর পরিমাণ ভেজাল পণ্য খাদ্য ও নকল পানীয় ফ্রুটি জুস, শিশুখাদ্য, লিচি ড্রিংকস, চিপস, রোবট জুস, ভেজাল সয়াবিন তেল, আইস ললী ড্রিংকস, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ লিকুইড উত্পাদন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ঐ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল পণ্য উত্পাদন, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করার দায়ে অভিযুক্ত বাদলকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
