রূপগঞ্জ ট্র্যাজেডি

দুই মাস পর ভস্মীভূত স্তূপে মিলল কঙ্কাল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:১৩

রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ আগুনের ঘটনার প্রায় দুই মাস পর তল্লাাশি চালিয়ে আগুনে পুড়ে যাওয়া দুই জনের কঙ্কাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিআইডি পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল থেকে ভবনটিতে তল্লাশি চালিয়ে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

সিআইডির নারায়ণগঞ্জ পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, শ্রমিকদের মধ্যে তিন জন এখনো নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবারের সদস্যরা আমাদের কাছে আবেদন করেছেন। তারই পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তল্লাশি করা হয়। পরে সেজান জুস কারখানার ভবনের চতুর্থ তলায় আগুনে পুড়ে যাওয়া দুই জনের দেহাবশেষ (কঙ্কাল) পাওয়া যায়। এগুলোর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানা কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের যে তালিকা দিয়েছিল সে অনুযায়ী উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও কিছু মরদেহের সন্ধান পাননি আত্মীয়স্বজনরা। উদ্ধার হওয়া হাত-পা বা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ডিএনএ টেস্ট করার পর বোঝা গেছে কিছু মরদেহ এখনো উদ্ধার হয়নি। সেই পরিপ্রেক্ষিতে নিখোঁজদের কঙ্কাল বা দেহাবশেষ উদ্ধারের জন্য তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। তল্লাশি চালিয়ে কারখানার চার তলায় অগ্নিকাণ্ডের ভস্মীভূত স্তূপ থেকে দুটি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই সেজান জুসের কারখানায় আগুনে ৫২ জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল।