কানাডার অ্যালবার্টায় টিকা লটারিতে পুরস্কার ১০ লাখ ডলার!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:১৪

কানাডায় করোনার টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তার মধ্যে অ্যালবার্টা প্রদেশ ঘোষণা দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার। বলা হয়েছে, যারা করোনা প্রতিরোধে উভয় ডোজ টিকা নিয়েছেন, প্রতি মাসে লটারির মাধ্যমে তাদের এক জনকে  ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। শুধু ঘোষণাই নয়, এরই মধ্যে তা কার্যকরও হয়েছে এবং দুই ব্যক্তি পুরস্কৃত হয়েছেন। সিবিসি থেকে এ খবর জানা যায়।

আগস্ট মাসের প্রথম লটারি বিজয়ী হলেন ল্যাংডনের এক অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ ট্রেসি ম্যাকিভর এবং সেপ্টেম্ব্বর মাসে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন এ্যামি জি’স নামে ক্যালগারি শহরের এক মহিলা। অ্যালবার্টার প্রিমিয়ার জন কেনি উভয়কেই ভিডিও কলে অভিনন্দন জানান। উল্লেখ্য, জনগণকে টিকা নিতে উত্সাহিত করার জন্য বাংলাদেশি টাকায় ৬ কোটি ৮০ লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে। তবে এই লটারি কত মাস ধরে চলবে তা প্রাদেশিক সরকার জানায়নি। প্রাদেশিক সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট ১০ লাখ ৮৫ হাজার নাগরিকের মধ্যে লটারি অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, কানাডার অন্যান্য প্রদেশের চেয়ে অ্যালবার্টা টিকা নেওয়ার দিক থেকে পিছিয়ে রয়েছে। যেখানে সারা কানাডায় ১২ বছরের বেশি বয়স্কদের টিকা নেওয়ার হার এখন পর্যন্ত ৭৬.৩৫% সেখানে ঐ প্রদেশ এর  হার ৭০.২০%।

এই আকর্ষণীয় পুরস্কার ছাড়াও আরো ৪২ জনকে দেশের অভ্যন্তরীণ টুরিস্ট স্পট ভ্রমণের জন্য প্লেনের টিকিট ও হোটেলে ফ্রি  থাকার খরচ বহন করা হয়েছে। তা ছাড়াও যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের সবাইকে ১০০ ডলার প্রণোদনা পুরস্কারও দেওয়া হচ্ছে।