গ্রাহকের সোয়া ২ কোটি টাকা আত্মসাত্

ডেসকো-তিতাসের দুই কর্মচারী গ্রেফতার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:১৭

গ্যাস, বিদ্যুত্, পানি ও টেলিফোন বিল বাবদ পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে ২ কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও তিতাস গ্যাসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা হলেন—ডেসকো মনিপুরের আউট সোর্সিং সুপারভাইজার মো. মামুন ও তিতাস গ্যাস মিরপুরের আউট সোর্সিং কর্মচারী রকিবুল ইসলাম রাকিব। গত সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, গত বছরের ২০ মে থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে চক্রের মূলহোতা ওমর ফারুক ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামে এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিদের সহায়তায় অর্থ আত্মসাত্ করেন। এ অভিযোগে ভুক্তভোগী নাছির উদ্দিন বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। আসামিরা গ্যাস, বিদ্যুত্, পানি ও টেলিফোন বিল বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা আদায় করলেও ব্যাংকে বা সরকারি সংশ্লিষ্ট দপ্তরে জমা না করে আত্মসাত্ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পুলিশ সদর দপ্তরের আদেশ মোতাবেক পিবিআই চলতি বছরের ১৫ এপ্রিল মামলার তদন্তভার গ্রহণ করে। ইতিমধ্যে মামলার মূল আসামিসহ মোট চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামি ওমর ফারুক ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার সঙ্গে ডেসকো ও তিতাসের চুক্তিভিত্তিক নিযুক্ত দুই কর্মচারী প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছিলেন বলে তার জবানবন্দিতে উঠে আসে।

পিবিআই কর্মকর্তা জাহাঙ্গীর আরো জানান, ডেসকোর মামুন ও তিতাসের রাকিব চুক্তিভিত্তিক কর্মচারী। তাদের কাজ হচ্ছে গ্যাস বা বিদ্যুত্ বিল বকেয়া থাকলে লাইন বিচ্ছিন্ন ও নতুন সংযোগের কাজ করা। তারা দুই জনই মূল আসামি ওমর ফারুকের ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স অফিসে টাকা নিয়ে যেত এবং তাকে প্রতারণামূলক কাজে সহায়তা করত। তারা মনিপুর, আহম্মদনগর এলাকায় বিদ্যুত্ এবং গ্যাসলাইন কর্তন ও সংযোজনের কাজে নিয়োজিত ছিল।