পেট্রোবাংলার পরিচালকসহ তিন জনকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:১৭

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার এক পরিচালক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুই কর্মকর্তাসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা নুরুল হুদা। গতকাল যাদের জিজ্ঞাসাবাদ করা হয় তারা হলেন—পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরী, তিতাস গ্যাসের মেটকি অ্যান্ড ভিজিলেস শাখার উপব্যবস্থাপক হাসান আহাম্মদ ও উপব্যবস্থাপক মো. আহাম্মদ উল্যাহ।

দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে গতকাল তিন

জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে তিতাস গ্যাসের দুই কর্মকর্তার (উপব্যবস্থাপক) বক্তব্য গ্রহণ করাসহ তাদের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য নেওয়া হয়েছে। সম্পদের তথ্য বিবরণী পর্যালোচনা করছে দুদকের টিম। এছাড়া পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরীর বর্তমান সম্পদের বিষয়ে কমিশনের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

দুদক সূত্র আরো জানায়, আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক টিম। গত ২৩ আগস্ট পেট্রোবাংলার পরিচালকসহ তিতাস গ্যাসের ২০ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠায় দুদক। দুদকে পাঠানো ঐ নোটিশে ৫ থেকে ৮ সেপ্টেম্বর তাদের দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়।