অণুভাবনা : কালো যদি মন্দ তবে, কেশ পাকিলে কান্দ কেনে!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫

 

আমাদের সভ্যতার ইতিহাস কয়েক হাজার বছরের। কিন্তু কতটা আধুনিক মানুষ আমরা? আরো কতটা পথ হাঁটলে মানুষ হবো! কালো মেয়ে হলে অনেকেই বিয়ে করতে চায় না, গায়ের রং কালোর জন্য নানারকম বিদ্রূপ ও কুকথা বলা আধুনিক নেটিজেনরা কি একটু নিজেদের অন্তরটা মনের আয়নায় দেখবেন?

কিছু মানুষের কালোর প্রতি ঘৃণ্য মনোভাবের মন্তব্য শুনে নিজেকেই যেন সভ্য বলতে লজ্জা করছে। কেমন সমাজে আমরা বাস করছি? সামান্যতম শালীনতা বোধটুকুও অনুপস্থিত।

ছেলের জন্য চাই ফরসা মেয়ে। ঘরে ফরসা বউ আনবো—অদ্ভুত চাহিদা। অদ্ভুত না বলে বিকৃত রুচি বলাই ভালো। যা এই একুশ শতকে অচল শুধু নয়, ধিক্কারজনক। প্রশ্ন, ঐ অভিভাবকরা গুণী মেয়ে চান নাকি ফরসা মেয়ে চান? ২০০ বছর ইংরেজদের লাথি খেয়েও সাদা চামড়ার প্রতি আমাদের দুর্বলতা কাটেনি।

কালো রঙের মেয়ের প্রতি ব্যঙ্গবিদ্রূপ শুনে বলতে ইচ্ছে করে, এই ব্যাধি তো ঘরে ঘরে আমরা লালন করে এসেছি প্রজন্মের পর প্রজন্ম। প্রায় প্রতিটি ঘরের অভিভাবকেরাই সজ্ঞানে বউমা খুঁজতে গিয়ে ফরসা রং খুঁজে এসেছেন বা আসছেন। কনে দেখতে গিয়ে গায়ের রং, শরীরের গড়ন বিচার করেন তাঁরা, এমনকি বাঁকা কথাও শোনান সময় সময়। এভাবে কালো মেয়েদের প্রতি কতখানি অসম্মান দেখানো হয়, তা যদি তাঁরা বুঝতেন! এই মূল্যবোধের শেকড় তো রয়েছে আমাদের পরিবারগুলিতেই।

একটি ছেলে বা মেয়ের যোগ্যতা বিচার করা উচিত তার শিক্ষাদীক্ষা, শিষ্টাচার দেখে। গায়ের রঙে নয়। কিন্তু পুরুষশাসিত সমাজে ছেলেদের মনের বাসনা পূর্ণ করার নামে মেয়েদের যে রূপ খোঁজা হয়, তার একটা ছক আছে—যেখানে গায়ের রংটা গুরুতর ব্যাপার। ঘটনাচক্রে মেয়েরাই হয়ে যায় এই ভাবনার বাহক। যে কারণে অনেক সময়ই বলা হয়, মেয়েরাই মেয়েদের চরম শত্রু। এই অচলায়তন ভাঙতে হলে সবার আগে মেয়েদেরই এগিয়ে আসতে হবে। স্টিরিওটাইপগুলি ভাঙতে হবে, ভাঙার শিক্ষা দিতে হবে সন্তানদের। বিশ্বাস করতে হবে, এই পৃথিবীর নিয়ন্ত্রণের ভার শুধু পুরুষ মানুষের হাতে থাকতে পারে না, শুধু সাদা চামড়ার মানুষের হাতেও নয়।

পরিশেষে ‘কবি’র সেই গানের কথা মনে পড়ছে—‘কালো যদি মন্দ তবে, কেশ পাকিলে কান্দ কেনে?’ গায়ের রং নিয়ে উন্নাসিকতা বা হীনম্মন্যতা এক গভীর সামাজিক ব্যাধি।

কালো মেয়ের প্রেমে পড়ে আমি গাই—

কালো রূপে মজেছে এ মন!

ওগো সে যে মিশমিশে কালো,

সে যে ঘোরতর কালো অতি নিরুপম।

কাক কালো ভোমরা কালো

আমরা কালো তোমরা কালো

গদাধরের পিসি কালো

কিন্তু তার চেয়েও কালো, এ কালো বরণ—

ওগো সে শ্যাম বরণ।

লিয়াকত হোসেন খোকন