বিয়ের গুজব এবং ক্যাটরিনা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে একটি গুজব ছড়িয়েছে। যা নিয়ে উত্তাল ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম। বিগত কয়েক সপ্তাহ ধরেই খবরের শিরোনামে রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তার চর্চিত বয়ফ্রেন্ড অভিনেতা ভিকি কৌশল। জানা গেছে, ভিকি ও ক্যাটরিনা নাকি গোপনে এনগেজমেন্টও সেরে ফেলেছেন। এবার শুরু হয়েছে তাদের বিয়ে নিয়ে নানা জল্পনা। যদিও ব্যক্তিগতভাবে দুই তারকার কেউই এ নিয়ে এখনো মুখ খোলেননি। কিন্তু বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, এ বছরের শেষে ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন ভিকি ও ক্যাটরিনা। এবং সেই বিয়ের আসর গ্র্যান্ড ভাবে বসতে চলেছে রাজস্থানের উদয়পুরে। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের ভেনুতেই নাকি বড়সড় পার্টি করে বিয়ে করতে চলেছেন ভিকি ও ক্যাট সুন্দরী। ২০১৯ সালে অনিল কাপুরের বাড়িতে দিওয়ালির পার্টির পর থেকে একসঙ্গে বেরিয়েছিলেন ভিকি ও ক্যাটরিনা। সেই থেকেই তাদের প্রেমপর্বের শুরু বলে মনে করা হয়। এর পর একাধিকবার একে অপরের বাড়িতে গিয়ে সময় কাটানো এবং একসঙ্গে বের হওয়ার  ছবি পাপারািজরা শিকার করেছেন। যদিও প্রেম বা ডেটিং নিয়ে এখনো কেউ মুখ খোলেননি। কয়েক মাস ধরেই ভিকির সঙ্গে বেশির ভাগ সময় কাটাতে দেখা যাচ্ছিল ক্যাটরিনাকে। কখনো লাঞ্চ ডেট, তো কখনো বন্ধুর বাড়ি আবার কখনো দিওয়ালি পার্টিতে একসঙ্গে তাদের দেখা মিলছিল। তখন থেকেই শুরু হয় জল্পনা। কিন্তু  সম্পর্কে থাকার বিষয়টি প্রকাশ্যে আনেননি তারা কেউই। অবশেষে সেটি প্রকাশ করেন সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর। তিনি জানান, ভিকি ও ক্যাটরিনা রিলেশনশিপে রয়েছেন। আগস্ট থেকেই গুঞ্জন চলছে, ভিকি-ক্যাটরিনা বাগদান পর্বটা সেরেই ফেলেছেন। আংটি বদলের পর চলতি বছরের ডিসেম্বরে দুজনে সত্যি সত্যি মালা বদল করবেন, বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু জানা গেছে, গোটা গুঞ্জনটাই গুজব। ডাহা মিথ্যা খবর। ভিকি-ক্যাটরিনার এক ঘনিষ্ঠজন জানিয়েছে, বিয়ে তো দূরের কথা বাগদানের বিষয়টিই সত্য নয়। তাদের প্রেমের বিষয়টি কেবল গুঞ্জন মাত্র। এর সত্যতাও নিশ্চিত করা যায়নি। প্রেম-বিয়ে নয়, কাজের দিকেই মনোযোগ এ দুজনের। ক্যাটরিনা কাইফ এই মুহূর্তে সালমান খানের আগামী ছবি টাইগার থ্রি’র শুটিংয়ে তুরস্কে উড়াল দিয়েছেন। এর আগে ছিলেন রাশিয়ায়। তুরস্কে চলছে সালমান ও ক্যাটরিনার নতুন ছবি টাইগার থ্রি’র শুটিং। রাশিয়ার পর আপাতত ছবির শুটিংয়ে তুরস্কে রয়েছেন সালমান-ক্যাটরিনা। বলিউড ব্লকবাস্টার এই ছবিতেও সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়ন ফের দেখতে পাবেন দর্শক। ছবিতে সালমান খান গুপ্তচর সংস্থার এজেন্ট অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগারের ভূমিকায় এবং ক্যাটরিনা কাইফকে আবারও জোয়ার চরিত্রে দেখা যাবে। বিয়ে, বাগদানের এই খবর ছড়িয়ে পড়ার পর বেজায় খুশি হয়েছিলেন ক্যাট ও ভিকি অনুরাগীরা। যদিও সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন ক্যাটরিনার টিম। তার টিমের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—এটা শুধুমাত্র একটা গুজব। এটা একেবারেই সত্যি নয়।

এক সাক্ষাত্কারে ক্যাটরিনা জানান, ‘আমি একবার পরিকল্পনা করেছিলাম। কিন্তু, সেটা কার্যকর হয়নি! তাই আমি এখন পরিকল্পনা করছি না আর দেখা যাক এটা কী হয়।’ সবমিলিয়ে প্রেম, বাগদান, বিয়ে সবই রটনা। এমন গুঞ্জন নিয়ে মুখ খুলেছিলেন ভিকির বাবা শ্যাম কৌশল। গত আগস্টেই এক সাক্ষাত্কারে ভিকির বাবা শ্যাম বলেন, ‘ক্যাটরিনা ও ভিকিকে নিয়ে যা যা বলা হচ্ছে, সবটাই মিথ্যা। তারা কখনোই একে অপরের সঙ্গে কোনো রকম বন্ধনে আবদ্ধ হয়নি। এ ধরনের ভুয়া খবর ছড়ানো এবার বন্ধ হোক।’