প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

চকরিয়া পৌরসভা নির্বাচন ২০ সেপ্টেম্বর

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

নির্বাচন কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম বারের মতো চকরিয়া পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। করোনা পরিস্থিতির কারণে ইতোমধ্যে দুই দফা নির্বাচনি কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন।

ঘোষিত তপশিল অনুযায়ী চলতি বছরের ১১ এপ্রিল এবং পরবর্তী সময়ে ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে করোনা দুর্যোগের আশঙ্কা থেকে সারা দেশের অন্য পৌরসভার সঙ্গে চকরিয়া পৌরসভা নির্বাচনও স্থগিত হয়ে যায়। দুই মাস পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে সর্বশেষ ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে স্থগিত পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ২০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আসার আবারও সরগরম হয়ে উঠেছে পৌরসভার প্রতিটি জনপদ। এখন অলিগলিতে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার ব্যানার ফেস্টুন। এছাড়া প্রার্থীরা স্বাস্থ্যবিধি মেনে উঠান বৈঠক ও গণসংযোগও চালিয়ে যাচ্ছেন।    

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে চার জন, তিনটি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জনসহ সর্বমোট ৬৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী (নৌকা), নাগরিক কমিটির স্বতন্ত্র প্রার্থী বর্তমান কাউন্সিলর জিয়াবুল হক (নারিকেল গাছ), জাতীয় পার্টির (এরশাদ) মনোয়ার আলম (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী (কম্পিউটার)। এ নির্বাচনে বিএনপি দলীয় কোনো মেয়র প্রার্থী নেই।

চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রচার-প্রচারণার সময় প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন কি-না তাও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।