ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
ঘোড়াঘাটের পার্বতীপুর-কুলানন্দপুর সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইজিবাইকসহ অটো ভ্যান ও মাইক্রোবাসচালকদের মাঝেমধ্যে যাত্রীদের নামিয়ে দিয়ে গর্তগুলো পার হতে হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচল করা চালক ও যাত্রীদের। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়রা সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী নুরুন্নবী খান জানান, সড়কটি মেরামতের জন্য ২০২১-২২ অর্থবছরে পুনরায় টেন্ডারের জন্য উপজেলা প্রকৌশল দপ্তর থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে হয়তো টেন্ডার আহ্বান করা হতে পারে।
