ইত্তেফাক রিপোর্ট
ঐক্যফ্রন্ট নেতা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহ চৌধুরী আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, প্রশাসনকে দিয়ে যেভাবে ভোট ডাকাতি করিয়েছেন, কিছু দিন পরে যখন ডিসি বনাম এসপি লেগে যাবে, তখন সামলাবেন কেমনে? তাই বলছি দেশে গণতন্ত্র ফিরিয়ে দিন, সুষ্ঠু নির্বাচন দিন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি আর একটা সংলাপ ডাকেন। পরিষ্কার করে বলেন, খালেদা জিয়ার জামিনের ব্যাপারে কোনও প্রতিবন্ধকতা করবেন না। বিচারকে বিচারের মতো চলতে দেন। তারপর দেখি খালেদা জিয়ার মুক্তি হয় কিনা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ’ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
ড. জাফরউল্লাহ বলেন, ঐক্যফ্রন্ট বিএনপিকে নতুন জীবন দিয়েছে। ঐক্যফ্রন্ট না হলে তারা রাস্তায় বের হতে পারত না। ড. কামাল হোসেন সব ধরনের চেষ্টা করেছেন। তবে শেখ হাসিনা কথার বরখেলাপ করেছেন। তিনি কোনো কথা রাখেননি। তাঁকে বিশ্বাস করেছিলাম আমরা। ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে ২০১৪ সালে খালেদা জিয়ার সিদ্ধান্ত যে সত্য ছিল তা প্রমাণিত হয়েছে। এটাতে বিএনপি লাভবান হয়েছে। বিএনপিকে ভারত থেকে সাবধানে থাকার পরামর্শ দেন তিনি।
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়ে ড.জাফরউল্লাহ চৌধুরী বলেন, সিনিয়র নেতাদের সঙ্গে সরাসরি কথা না বললে তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হয়ে যাবেন। আপনি (তারেক) সিনিয়র নেতাদের সঙ্গে বসেন। তা না হলে ভুল ভ্রান্তি হবে। আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীদের ধৈর্য ধরতে হবে। রিজভীর মাধ্যমে মিটিং ডাইকেন না। সরাসরি মিটিং ডাকেন। মোশাররফ- মওদুদ এদের সামনে রাখুন। তাহলেই দেখবেন আন্দোলনটা গড়ে উঠবে। আগামীতে প্রত্যেক দিন মিছিল করেন। রাস্তায় থাকেন। রাজপথের আন্দোলন ছাড়া বিএনপি নেত্রীকে মুক্ত করা সম্ভব নয়।
