সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই .......কর্ম কমিশন চেয়ারম্যান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

বরিশাল অফিস

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, একজন মানুষকে বহুগুণে গুণান্বিত হতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে। কেননা সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। এক্ষেত্রে শিক্ষকরাই হচ্ছেন পথ প্রদর্শক। তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। বুধবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দুই দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অনলাইনে সংযুক্ত হয়ে তিনি ‘Traning on Good Governance, Office & Financial Management’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন।