ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
ভেদরগঞ্জ পৌরসভার ড্রেন নির্মাণের সময় মঙ্গলবার বিকালে দেওয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাচ্চু মিয়া (৩৫)। এ সময় আরো তিন শ্রমিক আহত হয়েছেন। ভেদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ১৪ জন শ্রমিক ড্রেন নির্মাণকাজ করছিলেন। এ সময় ড্রেনের পাশে থাকা বাড়ির দেওয়াল ধসে পড়লে সেখানে কর্মরত চার শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে বাচ্চু মিয়া মারা যান। ভেদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
