সম্প্রতি কয়েকটি ই-কমার্সের অস্বাভাবিক লেনদেনের কারণ দেখিয়ে কয়েক হাজার গ্রাহকের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় নগদ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নতুন ই-কমার্স নীতিমালা অনুযায়ী যদি কোনো কোম্পানি কোনো গ্রাহককে পণ্য দিতে ব্যর্থ হয় তাহলে গ্রাহক যে মাধ্যমে মূল টাকা পেমেন্ট করেছে সে মাধ্যমে ফেরত দিতে হবে, তাই কিছু ই-কমার্স তাদের গ্রাহকের পেমেন্টকৃত টাকা নগদে ফেরত দিয়েছে। কিন্তু নগদ অস্বাভাবিক লেনদেনের কারণ দেখিয়ে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার গ্রাহক। গ্রাহকদের কথা হচ্ছে—যখন পেমেন্ট করেছিলেন তখন অস্বাভাবিক ছিল না, এখন যখন টাকা ফেরত দিল তখন অস্বাভাবিক হলো কীভাবে? নগদের কাছে যদি তাদের টাকার নিরাপত্তা না থাকে তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ? বিশিষ্ট আইনজীবীদের মতে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি বা পূর্ব নোটিশ ছাড়া নগদ কারো অ্যাকাউন্ট এভাবে বক করতে পারে না, এতে সাধারণ গ্রাহকদের অধিকার ক্ষুণ্ন হয়। একজন গ্রাহকের অভিযোগ—তাঁর অ্যাকাউন্টে আগেই কিছু টাকা ছিল, যেটা তিনি মায়ের চিকিত্সার জন্য খরচ করতে চেয়েছিলেন; কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ডের কারণে মায়ের চিকিত্সা ব্যাহত হচ্ছে। তাই সাধারণ গ্রাহকদের আবেদন— দ্রুতই নগদ তাদের অ্যাকাউন্ট খুলে দিক।
তাপস সাহা, তিতাস, কুমিল্লা
