ইত্তেফাক রিপোর্ট
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক ডিআইজি মো. নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন থেকে তার কাছে তলবি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে আগামী ১৯ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, সিআইডির সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকে জমাপড়া নথিতে তার অঢেল সম্পদের তথ্য-উপাত্ত রয়েছে। সেসব তথ্য-উপাত্ত যাচাই করতেই তলব করা হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত তলবি নোটিশ গতকাল বুধবার নজরুল ইসলামের ধানমন্ডির ৪/এ-এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা গেল। নির্ধারিত তারিখে হাজির হতে ব্যর্থ হলে আপনার (নজরুল) কোনো বক্তব্য নেই বলে গণ্য হবে।
