ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন—ঠিকাদার মাসুম হোসেন (২৮) ও তার বন্ধু পুলিশের সোর্স নাসির হোসেন (৩৫)। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার বলেন, ফ্লাইওভারের ওপরে রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়া গতিতে চলতে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে কেউ বিষয়টি জানান। এরপর ওয়ারী থানাপুলিশ সেখানে যায়। টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট এলাকায় ফ্লাইওভারের ওপরে দুর্ঘটনাটি ঘটে। তখন নাসির মোটরসাইকেল চালাচ্ছিলেন, আর তার পেছনে বসেছিলেন মাসুম। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে গিয়ে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে মারাত্মক আহত হন। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই এক জনের মৃত্যু হয়। অপর জন চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তারা নেশাগ্রস্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে নাসিরের বাসা মাতুয়াইলে, আর মাসুম জুরাইনে থাকতেন।
নিহত মাসুমের বন্ধু মো. রাশেদ বলেন, পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে যান। সেখানে দুজনকেই মৃত অবস্থায় দেখতে পান। মাসুম স্যুয়ারেজ লাইনের ঠিকাদার ছিলেন। তার বাবার নাম কাশেম মিয়া। আর নাসির পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তারা দুজন বন্ধু ছিলেন।
ওয়ারী থানাপুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিতে ‘পুলিশ’ লেখা ছিল। তবে নিহতরা পুলিশ সদস্য ছিলেন না। সোর্স হিসেবে কাজ করা নাসির সম্ভবত কোনো থানার মালখানা থেকে মোটরসাইকেলটি নিয়েছিলেন।
এদিকে ওয়ারীর জয়কালী মন্দিরের সামনে মঙ্গলবার বিকালে অপর দুর্ঘটনায় আসাদুজ্জামান আসাদ (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
