রাজনীতিবিদ, আমলা সত্ না হলে জাতির জন্য অভিশাপ :কৃষিমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, রাজনীতিবিদ, আমলা যতোই বড় হোক না কেন সত্ না হলে তারা জাতির জন্য অভিশাপ ও বোঝাস্বরূপ। গতকাল বুধবার রাজধানীর লালবাগে নবাবগঞ্জ সাত শহীদ কমিউনিটি সেন্টারে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরো বলেন, সততা সবচেয়ে বড় শক্তি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) যৌথভাবে আইইবি ঢাকা কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মো. আবুল হোসেনের সভাপতিত্বে এবং আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও আইইবির প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী আবদুস সবুর, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী খোরশেদুল আলম, আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাত্ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে সবচেয়ে সত্, সক্ষম ও সফল একজন নেতা। এ জাতির সবচেয়ে বড় পাওয়া যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় বিশ্বে শীর্ষস্থানে রয়েছেন। ১৭ কোটি মানুষের জন্য, বাংলাদেশের জন্য এটি আশীর্বাদস্বরূপ।

২০২৩ সালের নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরো বলেন, আপনারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশের জনগণ আপনাদের ভোটে বিজয়ী করলে আমরা আপনাদের স্বাগত জানাব। কিন্তু আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস-নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না, সেই শক্তি বিএনপির নেই।