মোহাম্মদপুরে ফেনসিডিল বেচাকেনার সময় গ্রেফতার ৩

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

যাত্রাবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক জন গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গতকাল বুধবার সকালে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম নয়ন তঞ্চগ্যা। এদিকে  গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল বেচাকেনার সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি-তেজগাঁও) বিভাগ। গ্রেফতারকৃত ঐ তিন জন হলেন, মো. পলাশ, মো. করিম ও মো. সাদ্দাম হোসেন।

যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গতকাল সকালে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কুতুবখালীর পঁচা ডোর সেন্টারের সামনে অভিযান চালিয়ে নয়ন তঞ্চগ্যাকে গ্রেফতার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত নয়ন তঞ্চগ্যার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

এদিকে ডিবির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানার বছিলা তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিল বেচাকেনার সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহূত চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।