বরিশাল অফিস
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এক বছরের পরিবহন ও আবাসিক খরচ মওকুফ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩৩তম সভার সুপারিশ এবং সিন্ডিকেটের ৭১তম বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী করোনা সময়ের জন্য শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষ অথবা দুই সেমিস্টারের পরিবহন ফি ও আবাসিক খরচ (সর্বোচ্চ এক বছরের জন্য) মওকুফ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে পরিবহন ও আবাসিক খাতের ফি মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া যাঁরা ইতিমধ্যে পরিবহন ফি জমা দিয়েছেন, তাঁদের অর্থ পরে সমন্বয় করা হবে।
আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের নোটিশ প্রকাশ করে। এতে পরিবহন খরচ, আবাসিক ছাত্রাবাসের খরচ অন্তর্ভুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১ সেপ্টেম্বর এসব খরচ বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।
