আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, জনগণের আস্থাহীনতার আরেক নাম বিএনপি। তাদের আন্দোলনের হাঁকডাক আসলে আন্দোলন-বিলাস মাত্র। গতকাল বুধবার সকালে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘সরকার তাঁবেদার সরকারে পরিণত হয়েছে’—বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে তাঁবেদারি তাদেরই হাতিয়ার, যারা জনগণের সমর্থনের তোয়াক্কা না করে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়ার অলিগলি খোঁজে। বিএনপিই তাঁবেদারিবান্ধব দল, যারা নিজেরাই নিজেদের গঠনতন্ত্র মানে না। তিনি বলেন, যারা কথায় কথায় বিদেশিদের কাছে ধরনা দেয়, জনগণের কাছে যেতে সাহস পায় না, তারাই হচ্ছে তাঁবেদার।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এ দেশকে আত্মমর্যাদাশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। বিএনপি বাংলাদেশকে তাঁবেদার ও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি বলেন, বিএনপির এসব ভাবনা কথামালায় সীমাবদ্ধ শব্দবোমা ছাড়া আর কিছু নয়। বিএনপি নেতারা সারা দেশে সংকট দেখতে পান, কিন্তু তারা নিজেদের রাজনীতিতে কোনো সংকট দেখতে পান না। হাতের তালু দিয়ে কি আকাশ ঢাকা যায়? বিএনপি নেতারা খণ্ডিত দৃষ্টি দিয়ে দেখছে সবকিছু।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জনগণকে দূরে ঠেলে দিয়ে নেতৃত্ব তোষণ নীতিই এখন বিএনপির রাজনীতি। অপরাজনীতি দলটিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে। তাই কর্মীদের চাঙ্গা রাখতে তারা নানা মুখরোচক বক্তব্য দেন, যা অন্তঃসারশূন্য। ‘দুর্নীতি দেশের রন্ধে রন্ধে প্রবেশ করেছে’—বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের এমন কথা শুনলে জনগণ নীরবে হাসে। কারা কী বলছেন! দুর্নীতি ছিল তাদের শিরায় শিরায়, যা থেকে এখনো তারা বেরিয়ে আসতে পারেনি।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, লুটপাট আর অনিয়মের কন্ট্রোল রুম হিসেবে যারা হাওয়া ভবন তৈরি করেছিল, পরপর পাঁচবার দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্কতিলক পরিয়েছিল, তারাই এখন দুর্নীতির কথা বলেন! তিনি বলেন, শেখ হাসিনা সরকার বিভিন্ন খাতে নিজ উদ্যোগে শুদ্ধি অভিযান পরিচালনা করছে। অনিয়মকারীদের আনা হচ্ছে প্রশাসনিক, আইনগত এবং সাংগঠনিক শাস্তির আওতায়। বিএনপি কি একটি নজির দেখাতে পারবে? তাদের সময়কালে কোনো একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?
