মেজর (অব.) সিনহা হত্যা মামলার বিচারকার্যের তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর। গতকাল বুধবার ঘটনাস্থলের পাশের মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলামের সাক্ষ্য ও জেরা শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। গতকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরুর পর শহিদুল ইসলামের জবানবন্দি শেষে জেরার মাধ্যমে দ্বিতীয় দফার টানা চার দিনের সাক্ষ্য সম্পন্ন হয়। আদালত সূত্র জানায়, অন্য দিনের মতো বুধবারও সকাল পৌনে ১০টার দিকে মামলার আসামি সাবেক ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ১৫ আসামিকে কারাগার হতে আদালতে আনা হয়।
পিপি অ্যাডভোকেট ফরিদ বলেন, আমাদের প্রচেষ্টা সব সাক্ষীর সাক্ষ্য ও জেরা দ্রুত সম্পন্ন করা। তবে, আসামিপক্ষের আইনজীবীগণের অসহযোগিতাই সেটা সম্ভব হয় না। তারা সাক্ষীকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে সময় নষ্ট করেন। আর ১৫ আসামির ১৫ আইনজীবী আলাদাভাবে আধাঘণ্টা করে জেরার সময় নিয়ে সাড়ে সাত ঘণ্টা সময় লাগে। জবানবন্দি নিতেও সময় লাগে ঘণ্টা দেড়েক। এতে আদালতের কর্মঘণ্টা ৯ ঘণ্টা এবং মধ্যাহ্ন বিরতিসহ দাঁড়ায় ১০ ঘণ্টা।
