৪ হাজার চিকিত্সক নিয়োগের ফল আজই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

করোনা ভাইরাস মোকাবিলায় চিকিত্সা খাতে সেবা বাড়াতে আজ বৃহস্পতিবার ৪ হাজার চিকিত্সক নিয়োগের সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪২তম বিসিএসের মাধ্যমে নতুন করে ৪ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়া হচ্ছে। বিকাল সাড়ে ৩টায় পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কমিশন সভায় এই নিয়োগের সুপারিশ অনুমোদন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে ছুটির দিনেও কাজ করে পিএসসির ৪২তম বিসিএসের নিয়োগের সঙ্গে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ইত্তেফাককে বলেন, বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

করোনার সময় দফায় দফায় পেছানো হয় ৪২তম বিসিএসের ভাইভা। হাসপাতালগুলোয় চিকিত্সক সংকট চরমে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে পদ থাকা সত্ত্বেও প্রায় সাড়ে ১১ হাজার পদে কোনো চিকিত্সক নিয়োগ করা হয়নি। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।

২০১৯ সালে ৩৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রথম ধাপে সাড়ে ৪ হাজার এবং ২০২০ সালে মে মাসে আরো অতিরিক্ত ২ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়া হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবং চলমান কোভিড পরিস্থিতি বিবেচনা করে সরকার নতুন করে পরীক্ষা নিয়ে ২ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসাবে ২০২০ সালের ৭ ডিসেম্বর ৪২তম বিশেষ বিসিএসের সার্কুলার প্রকাশিত হলে সাড়ে ৩১ হাজার আবেদনপত্র জমা পড়ে। পরে আরো ২ হাজার চিকিত্সক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়।