৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিন মাত্রার ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার ভার্চুয়াল পদ্ধতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভা শেষে বিদেশে সফররত অর্থমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ১২টি প্রস্তাব উপস্থাপন করা হলেও একটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। সভায় জানানো হয়েছে, খাদ্য অধিদপ্তর কর্তৃক গম আমদানির জন্য আন্তর্জাতিক কোটেশন আহ্বান করা হলে একটি দরপত্র জমা পড়ে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান হতে প্রতি টন ৪২১ দশমিক ৩৮ ডলার হিসেবে সর্বমোট ২ কোটি ১০ লাখ ৬৯ হাজার ডলার (১৭৯ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ৮০০ টাকায়) ৫০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন জানান, একক কোনো দেশ থেকে এই গম আসবে না। প্রতিষ্ঠানটি ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশ থেকে আমদানির কথা বলেছে।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রামগড় স্থলবন্দরের একটি প্যাকেজের পূর্ত কাজের অনুমোদন। এতে ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৯১ লাখ ৭১ হাজার টাকা। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের বাস্তবায়ন তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান ৪১ কোটি ৩০ লাখ টাকায় নিয়োগের অনুমোদন হয়েছে। এছাড়া কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, ফেজ-১ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা। সভায় ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির) বাংলা ও ইংরেজি ভার্সনের ৯৮টি লটের মধ্যে অবশিষ্ট ৪৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দরপ্রস্তাব অনুমোদন              হয়েছে। এতে ব্যয় হবে ৭৩ কোটি ৮২ লাখ ৮১ হাজার টাকা। সভায় শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ক্রয়ের প্রস্তাব ৮৪ কোটি ৪২ লাখ টাকায় অনুমোদন দেওয়া হয়েছে। একই প্রকল্পের আওতায় এসপিসি পোল ক্রয়ের পৃথক আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ২৩ লাখ টাকা। সভায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা স্থাপন প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমি উন্নয়ন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৩৯ কোটি ৫৫ লাখ টাকা। সভায় রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ইউএই থেকে ২য় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি ১৬ লাখ টাকা। অপর এক প্রস্তাবে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৩য় লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি ৭১ লাখ ৯২ হাজার টাকা। পৃথক আরেকটি প্রস্তাবে ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ৪র্থ লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৮ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী এক বছরের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বোর্ড অব ডিরেক্টরসের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবর সঠিক নয়। আমার জানা মতে, আইডিবিতে এ ধরনের পজিশনের ব্যবস্থা নেই। তাদের অর্গানোগ্রাম যেটা আছে, সেই অর্গানোগ্রামে এমন কোনো পদবি নেই।