তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ -----------পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৭

আফগানিস্তানে তালেবানের ঘোষিত অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানদের নীতি পর্যবেক্ষণ করছে ঢাকা। তবে দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেওয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে।

মঙ্গলবার আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিয়েছে তালেবান। এই সরকারের প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাসান আখুন্দ। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি। চীন তালেবানের নতুন সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ উদ্বেগ প্রকাশ করেছে।