কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে প্রাণ গেল ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর। বুধবার দুপুরে সৈকতের সি-গাল পয়েন্টে ঐ ঘটনা ঘটে। সাগর জলের নির্মমতার শিকার তৌফিক মকবুল (২৩) ঢাকার শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে এবং ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিচ ম্যানেজমেন্ট কমিটি সূত্র জানায়, বুধবার তিন বন্ধু সাগরে গোসলে নামে। তারা ভাটার টানে ভেসে যায়। পরে লাইফগার্ডের সদস্যরা তিন জনকেই উদ্ধার করে। তৌফিকের বন্ধু সাদমান সাকিব বলেন, তৌফিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) জিল্লুর রহমান বলেন, তিন বন্ধুর মধ্যে মোহাম্মদপুরের মৃত সাজিদুল করিমের ছেলে সোয়াদ আহমদ ইয়াছিন কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, তৌফিকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। কক্সবাজার সমুদ্রসৈকতে গত ২১ আগস্ট বিকালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় কক্সবাজার শহরের স্কুল শিক্ষার্থী ইরফানুল হক মাহির (১৪)। পর দিন রাত ৯টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে ভেসে আসে তার মরদেহ।
