মোংলায় জাহাজ ছিদ্র, আমদানি করা গাড়ির ডেকে পানি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫২

মোংলা বন্দরের জেটিতে আমদানিকৃত রিকন্ডিশন গাড়ি বহনকারী একটি বিদেশি জাহাজের ডেক ছিদ্র হয়ে পানি ঢুকে গাড়ি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।  তবে পানি অপসারণ করে জাহাজের ভেতরে থাকা গাড়িগুলো খালাস করা হয়েছে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ও মোংলা বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর সূত্রে জানা গেছে, ‘মালয়েশিয়া স্টার’ নামের জাহাজটি আমদানিকৃত গাড়ি নিয়ে গত ৬ সেপ্টেম্বর মোংলা বন্দরের জেটিতে ভিড়ে। জাহাজ থেকে গাড়ি খালাস শুরুর পর গত মঙ্গলবার জাহাজের ডেক ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকে পড়ে। মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাত হোসেন জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্টসহ সবার যৌথ উদ্যোগে পাম্প দিয়ে জাহাজের পানি অপসারণ করা হয়েছে। জাহাজে থাকা সবগুলো গাড়ি নামিয়ে ফেলা হয়েছে। জাহাজের ছিদ্র মেরামতও করা হয়েছে।