চট্টগ্রামে জামায়াত শিবিরের সাত নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন—নগর জামায়াতের বায়তুল মালবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম ও সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, নগর শিবিরের শিক্ষাবিষয়ক সম্পাদক মিফতাহুল আলম, শিবিরের সাথি ইরফান ইউনুস, জামায়াতকর্মী ইমরান আলী, মো. দেলোয়ার ও মো. আবু বক্কর সিদ্দিক। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির গ্রেফতারের বিষয় নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে চাননি। এদিকে, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের  দাবিতে নগরীতে মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ। বিকালে সংগঠনের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কোতোয়ালি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতার দুশমন উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী সংগঠন জামায়াত-শিবিরের রাজনীতি আর দেখতে চায় না। তাই অচিরেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।