সাকলায়েন-পরীমনির সম্পর্ক

তদন্তে দুই আসামির জবানবন্দি নেবে তদন্ত কমিটি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:২৫

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ডিএমপির সাবেক গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলায়েনের কী ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, তাদের দুই জনের মধ্যে কী কী ঘটেছে তা তদন্তে কারাগারে থাকা পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি ও তার কথিত মামা আশরাফুল ইসলাম দিপুর জবানবন্দি নিতে চায় তদন্ত কমিটি। এজন্য কারাগারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোলাম সাকলায়েনকে তার পদ থেকে সরিয়ে পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে বদলির পর গত ১১ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার। কমিটি ইতিমধ্যে দুই দফা সময় বাড়িয়ে আবারও ১৫ দিনের সময় চেয়েছে সংশ্লিষ্ট বিভাগের কাছে।

পরীমনি-সাকলায়েন কাণ্ড খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটিকে শুরুতে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সেই হিসেবে গত ২৬ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে তখন সময় চেয়ে নেয় কমিটি। এরপরও সাক্ষ্য নেওয়ার কাজ বাকি থাকায় মঙ্গলবার আরো ১৫ দিনের সময় চেয়ে পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিনারি বিভাগে চিঠি দিয়েছে তদন্ত কমিটি।