মিশরীয় দুটি বিমান লিজ গ্রহণের প্রক্রিয়া ও অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের ডেকেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে তাদের ডাকার সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির পরবর্তী বৈঠকে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের উপস্থিতি নিশ্চিত করতে কমিটি সংশ্লিষ্টদের অনুরোধ করে।
কমিটির সভাপতি ও আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন। বৈঠকে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল-২০২১’ নিয়ে আলোচনা হয়।
