রাজধানীর কাফরুলের একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে মো. কামাল (৩২) নামে এক রডমিস্ত্রির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা, ব্যক্তিগত বিরোধের জের ধরে সহকর্মীদের কেউ তাকে হত্যা করে।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, দক্ষিণ কাফরুলের ঐ ভবনেই থাকতেন কামাল। শুক্রবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর মঙ্গলবার রাতে ভবনের নিচতলায় তার লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
কাফরুল থানার এসআই ইমদাদুল হক জানান, গলিত লাশ দেখে ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। মঙ্গলবার পচা লাশের দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়।
